চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত হাফেজ মাওলানা মফিজুর রহমান নামের সেই জামায়াত নেতা মারা গেছেন। তিনি উপজেলার বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার কাকরাইলের অরোরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় নিহত হন তার বড় ভাই হাফিজুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের পর গত ১৩ ফেব্রুয়ারি হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসানের ওপর সুটিয়া গ্রামে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরেই গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সুটিয়া গ্রামের কামিল মাদ্রাসার সামনে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন মাওলানা মফিজুর রহমানসহ কয়েকজন।