এই ঈদে

তিন ধরনের তানজিকা

ঈদ উপলক্ষে তিনটি নাটকের শুটিং শেষ করেছেন অভিনেত্রী তানজিকা আমিন। এর মধ্যে ‘ছিটকিনি’ নামের একটি নাটক পরিচালনা করেছেন সাগর জাহান। এতে তানজিকার বিপরীতে অভিনয় করেছেন জোভান। তানজিকা আমিন বলেন, ‘সাগর জাহানের এ নাটকের গল্প অসাধারণ। দর্শক মুগ্ধ হবে। আমার খুব ভালো লেগেছে।’ ঈদের জন্য আরও দুটি নাটকে অভিনয় করেছেন তিনি। সেগুলো প্রচার হবে ইউটিউব চ্যানেলে। একটি নাটকে তার সহশিল্পী তৌসিফ। অন্যটিতে আবার দেখা যাবে জোভানকে। এ প্রসঙ্গে তানজিকার ভাষ্য, ‘ঈদের তিনটি নাটকে তিন ধরনের চরিত্রে অভিনয় করেছি। একটির সঙ্গে আরেকটির গল্প বা চরিত্রের মধ্যে কোনো মিল নেই। কাজগুলো ভীষণ উপভোগ করেছি। একটি নাটকে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছি। ওটা দুর্দান্ত একটি কাজ হয়েছে।’

নাটকের বাইরে মুক্তির অপেক্ষায় রয়েছে তানজিকা অভিনীত ‘রবি ইন ঢাকা’ নামের একটি সিনেমা। আগামী ১ বৈশাখে সিনেমাটি বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা। এটি পরিচালনা করেছেন রাজীব সালেহীন। নাটকটি প্রসঙ্গে তানজিকা বলেন, ‘এর গল্পটা দারুণ। সবারই ভালো লাগবে। ১ বৈশাখ একটি বড় উৎসব আমাদের দেশের। সেসময় মুক্তি দেওয়া হবে।’

ধনীর দুলালি সাফা

এই ঈদে মডেল-অভিনেত্রী সাফা কবির হাজির হচ্ছেন ‘লেলিন’ নামের আরও একটি নাটকে। এতে সাফা অভিনয় করেছেন আঁখি চরিত্রে। দয়াল সাহা ও দেবাশীষ চক্রবর্তীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। গল্পে আঁখি একজন ধনী পরিবারের মেয়ে। তার জীবনে প্রেম, ভয় ও অনিশ্চয়তা মিলেমিশে তৈরি করে জটিল এক বাস্তবতা। নাটকে সাফার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক ফারহান। বরিশালের কীর্তনখোলা নদীর তীর ঘিরে গড়ে ওঠা একটি সন্ত্রাসী গ্রুপের নেতা সে। স্থানীয় ধনী পরিবারের মেয়ে আঁখির সঙ্গে তার প্রেমের সম্পর্ক। লেলিনের স্বপ্ন একদিন ধনী হয়ে আঁখিকে বিয়ে করা। কিন্তু দ্রুত ধনী ও প্রভাবশালী হওয়ার আশায় সে বেছে নেয় সন্ত্রাসের পথ।

সাইফুল, বিটলা, রুস্তম ও আদিলকে নিয়ে গড়ে তোলে নিজের বাহিনী। সময়ের সঙ্গে সঙ্গে তাদের দাপট এলাকায় বাড়তে থাকে। মারামারি, খুনখারাবি ও আতঙ্কে অস্থির হয়ে ওঠে পুরো এলাকা। আঁখি বারবার চেষ্টা করে লেলিনকে এ পথ থেকে ফিরিয়ে আনতে, কিন্তু বেপরোয়া লেলিন কারও কথা শোনে না।

একসময় খুন হন লেলিনের বাবা সামাদ মাঝি। পিতৃহত্যার প্রতিশোধ নিতে গিয়ে লেলিন আরও ভয়ংকর হয়ে ওঠে। অজানা আতঙ্কে ভেঙে পড়ে আঁখি। নাটকটি দেখা যাবে দ্বিতীয় দিন, প্রচার হবে রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে।