গরমে কতটুকু সানস্ক্রিন মাখবেন

ত্বক ঠিক রাখতে সারা বছরই সানস্ক্রিন মাখা জরুরি। বিশেষ করে যারা বাইরে গিয়ে নিয়মিত কাজ করেন তাদের জন্য আরও জরুরি। না হলে ত্বকে সানবার্ন, ট্যানের সমস্যা বাড়বে। কিন্তু যেকোনো সানস্ক্রিন মাখলেই হলো না। সানস্ক্রিন মাখার ক্ষেত্রে কিছু বিষয় জানলে তবেই ত্বক সুরক্ষিত থাকবে।

          ত্বকের ধরন অনুযায়ী জেল, ওয়াটার কিংবা ক্রিম বেসড সানস্ক্রিন বেছে না নিলে আখরে ত্বকের ক্ষতি। তৈলাক্ত ও সংবেদনশীল ত্বক হলে জেল বা ওয়াটার বেসড সানস্ক্রিন বেছে নিন। শুষ্ক ও নরমাল ত্বকের জন্য ক্রিম বেসড সানস্ক্রিনই ভালো। সানস্ক্রিনের মধ্যে প্যারাবেন, অ্যালকোহল বা সুগন্ধ যাতে না থাকে, সে দিকে খেয়াল রাখবেন।

          সানস্ত্রিনে বেশি এসপিএফ মানে সেটা বেশি সুরক্ষা দেয়, এমনটা নয়। দেশের আবহাওয়া অনুযায়ী ৫০ এসপিএফ যুক্ত সানস্ক্রিনই মাখা ভালো। এটাই সুরক্ষা কবচ হিসেবে কাজ করে।

          তিন আঙুল সানস্ক্রিন মাখা উচিত। দুই আঙুল সানস্ক্রিন মুখে এবং এক আঙুল ঘাড়ে মাখুন। সানস্ক্রিনের স্তর যতটা পুরু হবে, ত্বক ততই সুরক্ষিত থাকবে।

          দিনে একবার সানস্ক্রিন মাখলেই হয় না। প্রতি দুই ঘণ্টা পরপর সানস্ক্রিন মাখতে হয়। যতক্ষণ রোদে থাকবেন, দুই ঘণ্টা পরপর সানস্ক্রিন মাখুন। বাইরে বের হলে পানি, ছাতার সঙ্গে ব্যাগে সানস্ক্রিন রাখাও জরুরি।

          আজকাল বেশিরভাগ ফাউন্ডেশনে এসপিএফ থাকে। তাই অনেকেই সানস্ক্রিন এড়িয়ে চলেন। এই ভুল করবেন না। সানস্ক্রিন ত্বককে যে সুরক্ষিত প্রদান দেয়, তা ফাউন্ডেশন দিতে পারে না। তাই যতই মেকআপ করুন, তার আগে সানস্ক্রিন মাখা জরুরি।