ঈদের ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা

ঈদুল ফিতরের লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব তফসিলি ব্যাংক। সব মিলিয়ে সাত দিন ছুটি পাচ্ছেন ব্যাংক কর্মকর্তারা। তবে, কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পোশাকশিল্প খাতের শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা ও কাস্টম হাউজ এলাকায় লেনদেন করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক খাতে নিয়োজিত শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল কেনার লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সরকারি ছুটির দিন ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খোলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্পের লেনদেন সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।