মাদক সেবনে বাধা দেওয়া যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর শান্তিবাগে মাদক খাওয়ায় বাধা দেওয়ায় সেকান্দার (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ২টার দিকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সেকান্দারের ভাই আমির আলী জানান, তাদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামে। সেকান্দার বর্তমানে স্ত্রী ও তিন সন্তান নিয়ে রামপুরা ওলনবাজার এলাকায় থাকতেন। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন। শাহজাহানপুর ভাঙাড়ি গলিতে সেকান্দারের দুটি অটোরিকশা আছে।

আমির আলী আরও জানান, রাত ১১টার দিকে শান্তিবাগ ভাঙাড়ি গলিতে মামুন ওরফে বুলেট মামুন, আকিশোন, মামুনের শালা হান্নানসহ কয়েকজন সেকান্দারকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। ঘাতকরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগে কয়েকবার সেকেন্দার তাদের মাদক সেবনে বাধা দিয়েছেন। সোমবার রাতে মামুনসহ কয়েকজন সেকান্দারকে মারার জন্য খুঁজতে থাকে। রাতে একা পেয়ে সেকান্দারকে কুপিয়ে জখম করা হয়।

ডিএমপির শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, হত্যাকা-ের ঘটনায় নিহতের স্ত্রী মাহফুজা একটি মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে নিহত সেকান্দারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

লালবাগে বৃদ্ধের মরদেহ উদ্ধার : রাজধানীর লালবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের নিচ থেকে মো. মাইনুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা ওই বৃদ্ধকে হত্যার পর লাশ গুম করতে এখানে ফেলে রাখা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে খবর পেয়ে লালবাগ থানা পুলিশ ডুরি আঙ্গুল লেনের রাজা মিয়ার নির্মাণাধীন ভবনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অপু মিত্র জানান, ওই বৃদ্ধ ডুরি আঙ্গুল লেনের স্থানীয় বাসিন্দা। তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, সোমবার রাতে কোনো এক সময় কে বা কারা বৃদ্ধকে হত্যা করে নির্মাণাধীন ভবনের নিচে ফেলে গেছে। ওই নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার রুবেল হোসেন বিকেলে মরদেহ দেখে পুলিশকে খবর দেন। তবে কয়েক দিন ধরে ভবনের কাজ বন্ধ রয়েছে।