আর কয়েকঘন্টা পর বেলা সোয়া ২টা থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ। ৭৬ পয়েন্ট নিয়ে এই সিরিজ শুরু করতে যাওয়া বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে আছে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে থাকতে হবে র্যাঙ্কিংয়ের সেরা আটের মধ্যে। তাহলে কী সমীকরণ অপেক্ষা করছে মেহেদী হাসান মিরাজের দলের জন্য?
র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট এখন ৭৭। পাকিস্তানকে সিরিজ হারাতে পারলে ক্যারিবিয়ানদের টপকে ৯ নম্বরে উঠে যাবে মটিম টাইগার। সিরিজটি ২-১ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৯, ৩-০ ব্যবধানে জিতলে হবে ৮১। র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।
বাংলাদেশ যদি এই সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায়, তাহলে রেটিং পয়েন্ট হবে ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭। তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে দশেই থাকবে বাংলাদেশ। ৩-০ ব্যবধানে হেরে গেলে মিরাজদের পয়েন্ট কমে হবে ৭৪।
অন্যদিকে পাকিস্তানের র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হলে সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে হবে। ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে এখন র্যাঙ্কিংয়ের চারে আছে শাহীন শাহ আফ্রিদির দল। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলে তাদের ১ রেটিং পয়েন্ট জুটবে। তবে র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হবে না। কারণ, তাদের ওপরে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০৯।
বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও রেটিং পয়েন্ট হারাতে হবে পাকিস্তানের। ১০৫ থেকে কমে তাদের পয়েন্ট হবে ১০৪। ২-১ ব্যবধানে হেরে গেলে পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে ১০২, ৩-০ ব্যবধানে হেরে গেলে পয়েন্ট হবে ১০০। র্যাঙ্কিংয়ে অবশ্য চারেই থাকবে তারা। কারণ পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৯৮। ২০২৭ সালের ৩১ মার্চ তারিখের র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলো।