নির্বাচনী এলাকার মানুষের কাছে সরাসরি জবাবদিহি নিশ্চিত করতে ব্যতিক্রমী এক ‘লাইভ ক্লাস’ চালু করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শিক্ষকতার চেনা ঢঙে করা এই উপস্থাপনা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মঙ্গলবার (১০ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি সংসদীয় এলাকায় বরাদ্দকৃত সরকারি সেবা ও উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন। ডিজিটাল বোর্ডে স্লাইড দেখিয়ে ধারাবাহিকভাবে দেওয়া এই উপস্থাপনা অনেকের কাছেই ক্লাসরুমের পাঠদানের মতো মনে হয়েছে।
লাইভ ক্লাসে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলায় চলমান সরকারি সেবা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ত্রাণ বিতরণের ওয়ার্ডভিত্তিক বর্ণনা দেন। তিনি ঠিকাদারদের উদ্দেশে বলেন, ‘কমিশনমুক্ত ব্যবসার নিশ্চয়তা’ দিয়ে কর্মদক্ষতা বাড়িয়ে দ্রুত প্রকল্পের কাজ শেষ করুন।
লাইভের শেষ পর্যায়ে তিনি রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ‘জবাবদিহিতা’ নামে একটি বিশেষ ফেসবুক পেজ খোলার ঘোষণা দিয়ে জানান, এই পেজ থেকে এখন থেকে তার আসনের সব কাজের নিয়মিত আপডেট দেওয়া হবে এবং প্রতিটি উন্নয়ন কাজের হিসাব ‘পাই টু পাই’ বুঝিয়ে দেওয়া হবে।
রাজনীতিতে আসার আগে হাসনাত আব্দুল্লাহ শিক্ষকতা ও কোচিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থাতেই তিনি ‘স্কুল অব এক্সিলেন্স’-এ শিক্ষক হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজের কাজের পরিধি সেই চেনা রূপে তুলে ধরে ব্যাপক প্রশংসিত হচ্ছেন তিনি।
জবাবদিহির এই উদ্যোগকে রাজনৈতিক অঙ্গনে একটি নতুন ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে। অনেকেই এই ভিডিও শেয়ার করে নিজ নিজ আসনের সংসদ সদস্যদের কাছ থেকেও এমন জবাবদিহির প্রত্যাশার কথা জানিয়েছেন।
এএইচ মিলন নামে এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, ভাই সম্ভবত বলেছিলেন, যদি নির্বাচিত হন বাকি ২৯৯ জন এমপির ঘুম হারাম করে ফেলবেন। যেভাবে জবাবদিহি করছেন, আপনার আসনের জনগণ তথা সারা বাংলাদেশের জনগণের কাছে। দিনশেষে, বাকি ২৯৯ জন এমপি যেন আজকের লাইভ থেকে কিছু হলেও শেখেন দায়িত্ব কাকে বলে।
মোজাম্মেল হোসেন হৃদয় নামে আরেকজন লিখেছেন, এক কথায় অসাধারণ। বাকি ২৯৯ জন যদি এভাবে করতেন, দেশটা উন্নয়নের দিকে এগোতে শুরু করত।
সাদিক ইসলাম সাদ্দাম লিখেছেন, যেখানে জবাবদিহিতা আছে, সেখানে সুশাসন ও অগ্রগতি নিশ্চিত।
বুধবার বিকাল ৪টা পর্যন্ত লাইভ ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজারের বেশি। ভিডিওর নিচে মন্তব্য পড়েছে ৪৪ হাজার ৯০০-এর বেশি, শেয়ার হয়েছে ৯৯ হাজারের বেশি এবং ভিউ হয়েছে এক কোটি ৯০ লাখের বেশি।