‘চক্র’র প্রথম সিজনের সাফল্যের পর এবার ঈদুল ফিতরে দ্বিতীয় কিস্তি আনার আনুষ্ঠানিক ঘোষণা দিল ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। ২০০৭ সালের সেই চাঞ্চল্যকর আদম পরিবারের ঘটনার সঙ্গে ‘শেয়ার্ড হ্যালুসিনেশন’-এর মতো মনস্তাত্ত্বিক বিষয় মিশিয়ে ‘চক্র ২’ দর্শকদের সামনে হাজির হচ্ছেন পরিচালক ভিকি জাহেদ।
এতে রহস্যময়ী চরিত্রে অভিনয় করছেন লাক্সতারকা আজমেরী হক বাঁধন। ফেসবুকে বাঁধন লিখেছেন, ‘শয়তান খোঁজে সুখী সংসার। শয়তান যখন আপনার সবচেয়ে কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর আর কোনো রাস্তা থাকে না। ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল?’
প্রথম সিজনের রুদ্ধশ্বাস শেষ থেকে গল্পটি আবার শুরু হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি আরও লেখেন, ‘প্রথম সিজনের শেষে যেখানে রহস্য শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছিল, ঠিক সেখান থেকেই আবার শুরু হচ্ছে নতুন এক সাইকোলজিক্যাল গেম।’
শেষে লিখেছেন, শেয়ার্ড হ্যালুসিনেশন নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ংকর কোনো সত্য? আপনারা প্রস্তুত তো? রহস্যের জট খুলতে চোখ রাখুন আইস্ক্রিন-এ। আসছে 'চক্র' সিজন ২।