থাইল্যান্ডে আমলাদের লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে বিশ্ববাজারে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছে থাইল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জ্বালানি স্বল্পতা মোকাবিলায় সরকারি আমলাদের তাৎক্ষণিকভাবে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।

এর অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ সফর বাতিল করা হয়েছে। পাশাপাশি, বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) থাইল্যান্ড সরকারের এক মুখপাত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করে।

সরকারের মুখপাত্র আরও জানান, জ্বালানি খরচ কমাতে সরকারি কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই উদ্যোগের মাধ্যমে অপ্রয়োজনীয় যাতায়াত ও অফিসের বিদ্যুৎ ব্যবহার হ্রাস করে চাহিদা কমানোর চেষ্টা করা হচ্ছে।

দেশটির জ্বালানিমন্ত্রী আত্তাপোল রের্কপিবুন জানিয়েছেন, বর্তমানে থাইল্যান্ডে ৯৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংগ্রহের চেষ্টা চলছে। তবে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তাৎক্ষণিকভাবে চাহিদা হ্রাসের ওপর।