আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের ও দীর্ঘদিন ধরে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই আসনের ভোটে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধারায় আরেকটি ‘গণভোট’ সংযোজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১১ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, বগুড়া-৬ ও শেরপুর-৩-এই দুই আসনের ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে।
ইসি সচিব জানান, বগুড়ার ক্ষেত্রে পূর্ব ঘোষণা অনুযায়ী গণভোটের আয়োজন করা হলেও এখন সেটি আর থাকছে না। শেরপুর-৩ আসনের নির্বাচনেও গণভোটের কোনো সুযোগ রাখা হয়নি। তিনি ব্যাখ্যা করে বলেন, শেরপুর-৩ আসনে গণভোটের ভোটসংখ্যা নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারবে না। এ কারণে সেখানেও গণভোটের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি।
এদিকে, নির্ধারিত সময়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে ইসি। আগামী ৯ এপ্রিলের এই দুই আসনের ভোটকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।