রাজধানীর তেজগাঁওয়ে পিকআপ ভ্যান ধাক্কায় নুরনবী (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল ১৪ নম্বর কালাম মিয়ার বস্তিতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।
নিহত নুরনবীর বাবা রফিকুল ইসলাম জানান, তারা বস্তিতে থাকেন। তিনি দিনমজুরের কাজ করেন। আর ছেলে স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণিতে পড়ে। বিকেলে বাবার কাছে খেলার কথা বলে বাসায় থেকে বের হয় সে। এর কয়েক মিনিট পরই এলাকাবাসীর মাধ্যমে তিনি খবর পান, বস্তির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। তখন তিনি সেখান থেকে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাদের বাড়ি চাপাইনবয়াবগঞ্জের ভোলাহাট উপজেলায়।