জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জয়পুরহাটের হালিড় মোড় এলাকায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে রিমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রিমন আক্কেলপুর উপজেলার হালিরমোড় এলাকার বাবু হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি পোল্ট্রি খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। 

স্থানীয়রা জানান, কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের শব্দ শুনতে না পেয়ে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে খবর দিলে, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। 

রেলওয়ে জিআরপি শান্তাহার থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম, পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।