জামালপুরের মেলান্দহ উপজেলায় বেশি দামে সার বিক্রি ও অনিয়মের অভিযোগে রমজান নামে এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার নয়া নগর ইউনিয়নের গোবিন্দগঞ্জ বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার জ্যোতি।
বিকেলে উপজেলা প্রশাসন নয়ানগর ইউনিয়নের গোবিন্দগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই বাজারের সার-বীজের দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় রমজান নামে ব্যবসায়ীর সার বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স ও নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার পাশাপাশি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগ ভোক্তা অধিকার আইনে ওই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দু রউফ উপস্থিত ছিলেন। এছাড়াও মেলান্দহ থানার পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার জ্যোতি জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সারসহ কৃষি উপকরণের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।