মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
আহত ট্রাকচালক মো. শরিফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি এলাকার নোকালী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, পাবনার দাশুরিয়া এলাকা থেকে রাইচম্যান ওয়েল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন চালক শরিফুল ইসলাম। রাতে শাহ মাখদুম ফেরি থেকে ট্রাকটি নামানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটের র্যাম্প থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। এতে ঘাট এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও ঘাট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরিদল ট্রাকের চালককে জীবিত উদ্ধার করে। উদ্ধার শেষে তাকে চিকিৎসার জন্য স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে নবগ্রাম ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন দেশ রূপান্তরকে জানান, রাতে একটি তেলবাহী ট্রাক ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং চালককে জীবিত উদ্ধার করে।
তিনি আরও জানান, ট্রাকটিতে রাইজম্যান ওয়েল ছিল। নদীর ওই স্থানে প্রায় ৪০ থেকে ৫০ ফুট গভীরতা থাকায় ট্রাকটি তলিয়ে গেছে।