আবার মোশাররফের সঙ্গে সারিকা

চলতি শতকের প্রথম দশকের ছোটপর্দার তুমুল ব্যস্ত মডেল, অভিনেত্রী সারিকা সাবরিন। তার ক্যারিয়ার যখন মধ্য গগনে, ঠিক তখনই ব্যক্তিগত ও পারিবারিক কারণে শোবিজ থেকে দূরে সরে যান। এরপর বড় ধরনের একটা বিরতি কাটিয়ে আবার ফিরে আসেন প্রিয় প্রাঙ্গণে। কাজের মাধ্যমে ধীরে ধীরে আবার আগের সেই ছন্দে ফেরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন ওয়েব সিরিজ ও নাটক দুই মাধ্যমকেই সমান গুরুত্ব দিতে চান। এরই মধ্যে সারিকা শেষ করেছেন বাংলাভিশনে প্রচারের জন্য ঈদের বিশেষ নাটক ‘প্রাইভেট তুমি কার’। এর মাধ্যমে অনেক দিন পর নতুন কোনো নাটকে অভিনয় করেছেন এই মডেল অভিনেত্রী। নাটকটিতে তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বলা চলে, দীর্ঘদিন পর মোশাররফ করিমের সঙ্গে নতুন কোনো নাটকে অভিনয় করেছেন সারিকা। জুয়েল এলিনের রচনায় নাটকটি  নির্মাণ করেছেন শামস করিম। এতে  বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, জাভেদ গাজী, নূর ই কাঞ্চন, হাসান জ্যোতি, মিনহাজ মোহন প্রমুখ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, ‘নাটকের গল্পটা বেশ ইন্টারেস্টিং। মূল গল্পটা বলতে চাই না। তবে অনেক দিন পর মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে নাটকে কাজ করে ভীষণ ভালো লাগল। মোশাররফ ভাই সবসময়ই ভীষণ সহযোগিতাপরায়ণ। তার সঙ্গে আগে করা কাজগুলোর জন্য এখনো অনেক সাড়া পাই। এই নাটকে কাজ করে আমি খুব উপভোগ করেছি গল্পটা, আশা করছি দর্শকেরও ভীষণ ভালো লাগবে।’ সারিকা-মোশাররফ করিম অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘যদি থাকে নসিবে’, ‘বাঘ যখন বিলাই’, ‘দখলবাজ’, ‘হোয়াট ইজ লাভ’, ‘অ্যাম্বুলেন্স’সহ আরও বেশকিছু নাটক।

সারিকা ২০০৬ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তারপর ২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন সারিকা। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান। এরপর ২০১৬ সালে মাহিম করিম-সারিকার বিবাহ বিচ্ছেদ হয়। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি দ্বিতীয়বার বিয়ে করেন তিনি।