দিনের ব্যবধানে আবার বাড়ল সোনার দাম

বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতিতে তৈরি হওয়া অস্থিরতার মধ্যে দেশ-বিদেশে সোনার দামে অস্থিরতা তৈরি হয়েছে। দুদিন ধরেই দেশের বাজারে বেড়েছে সোনার দাম। গতকাল বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরি ভালো মানের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। এর আগের দিনও বাজুস সোনার দাম বাড়িয়েছিল। সেদিন প্রতি ভরিতে দাম বাড়ানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। অর্থাৎ দুই দিনে ৫ হাজার ৪৮২ টাকা দাম বেড়েছে ভালো মানের সোনায়।

গতকাল এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার তথ্য জানিয়েছে বাজুস, যা সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এক দিন আগেই ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানোর সঙ্গে এবার বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৫৩২ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৭০৬ টাকা নির্ধারণ করেছে বাজুস। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম এখন ৫ হাজার ১৮৮ মার্কিন ডলার।