দুদকের মামলায়ও জামিন খায়রুল হকের

হত্যা, রায় জালিয়াতিসহ পৃথক চার মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায়ও জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। তার করা আবেদনের ওপর শুনানি নিয়ে জামিন প্রশ্নে দেওয়া রুল গতকাল যথাযথ ঘোষণা করে এ রায় দেয় বিচারপতি শেখ মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ফলে সবগুলো মামলায় জামিন হওয়ায় খায়রুল হকের কারামুক্তিতে বাধা নেই বলে জানান তার আইনজীবীরা।

গত ৮ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ খায়রুল হককে চার মামলায় জামিন দেয়। গত বছরের ২৬ অক্টোবর পাঁচ মামলায় খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেয় আদালত। এর মধ্যে দুদকের মামলায়ও জামিন প্রশ্নে রুল ছিল। তবে, ওইদিন (৮ মার্চ) রুল যথাযথ ঘোষণা করে হত্যার একটি, রায় জালিয়াতির তিনটি মামলায় জামিন হয় খায়রুল হকের। এরই ধারাবাহিকতায় দুদকের মামলায়ও তার জামিন হলো। আদালতে তার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মোনায়েম নবী শাহীন। অ্যাডভোকেট মোনায়েম নবী শাহীন দেশ রূপান্তরকে বলেন, খায়রুল হক এর আগে হাইকোর্টে যে চারটি মামলায় জামিন পেয়েছিলেন, তাতে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল করলেও মামলাগুলো শুনানির জন্য কার্যতালিকায় আনেনি। তার বিরুদ্ধে আর কোনো মামলাও নেই।