লাইভে এসে উন্নয়ন ও জবাবদিহির হিসাব এমপি হাসনাতের

মঙ্গলবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ লাইভে হাজির হন হাসনাত আবদুল্লাহ। এতে নিজ নির্বাচনী এলাকা দেবিদ্বার উপজেলার উন্নয়ন কর্মকা-, প্রশাসনিক অবস্থা ও সরকারি সহায়তার খুঁটিনাটি সরাসরি মানুষের সামনে তুলে ধরেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে হাসনাত জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহ মূলত এলাকার চলমান প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সেবার বাস্তব চিত্র বোঝার চেষ্টা করছেন। লাইভে দেবিদ্বারের বর্তমান সমস্যার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, উপজেলার সবচেয়ে বড় সংকট রাস্তাঘাটের দুরবস্থা। এই সমস্যা সমাধানে ইতিমধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তত্ত্বাবধানে বিভিন্ন সড়ক উন্নয়নকাজ শুরু হয়েছে।

বর্ষার আগেই এসব কাজের বড় অংশ শেষ করার পরিকল্পনা রয়েছেÑ পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সড়কগুলোও পর্যায়ক্রমে সংস্কারের আশ্বাস দেন তিনি।

তবে উন্নয়নকাজের গতি ও মান নিয়ে ঠিকাদারদের উদ্দেশে কড়া বার্তা দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এবং গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে ধীরগতিতে কাজ করার প্রবণতা থেকেও ঠিকাদারদের সতর্ক করেন তিনি।

লাইভে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি সহায়তার বিষয়টিও তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ। তিনি জানান, দেবিদ্বার পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হবে। এসব চাল যেন প্রকৃত উপকারভোগীদের হাতেই পৌঁছায়, সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি।

এ ছাড়া কাবিখা কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে ১০টি অবকাঠামো উন্নয়নকাজ এবং দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথাও জানান তিনি।

সরকারি কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে ‘জবাবদিহি’ নামে একটি ফেসবুক পেজ চালুর কথাও ঘোষণা দেন এই সংসদ সদস্য। সেখানে দেবিদ্বারের সব সরকারি বরাদ্দ, প্রকল্প ও অগ্রগতির তথ্য নিয়মিত প্রকাশ করা হবে বলে জানান তিনি।

লাইভে তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের কিছু সচিব ও পৌরসভার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে সতর্কবার্তাও দেন।