পোষা বিড়াল হত্যায় একজনের কারাদন্ড

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার মামলায় প্রতিবেশী আকবর হোসেন শিবলু নামে এক যুবককে ৬ মাস কারাদ-াদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ রায় দেন। আসামিকে কারাদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদ- ভোগের নির্দেশ দেওয়া হয়েছে রায়ে। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

২০২৫ সালের ১ ফেব্রুয়ারি বিড়াল হত্যার ঘটনায় ওই বছরের ৫ ফেব্রুয়ারি ঢাকার আদালতে ‘পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার’র পক্ষে মামলার আবেদন করেন নাফিসা নওরীন চৌধুরী। অভিযোগে বলা হয়, মনসুর ও শিবলু মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা। ঘটনার দিন দুপুরের দিকে ৯ম তলার বাসিন্দা মনসুরের বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতারি লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন আসামি।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। গত বছরের ১৪ জুলাই আকবর হোসেন শিবুলর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। গত ২ ডিসেম্বর এ মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণা করে আদালত। আদালতে বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী জাকির হোসেন।