ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। গতকাল বুধবার এক আদেশে আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে না পারায় ১১ মার্চ (গতকাল) সময় দিয়েছিল আদালত। তবে, গতকালও প্রতিবেদন না আসায় নতুন করে এদিন (২ এপ্রিল) ধার্য হয়।
হাদি হত্যা মামলায় গত ৬ জানুয়ারি ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ। এতে প্রধান আসামি করা হয় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে। তবে, অভিযোগপত্রে অসন্তুষ্টি জানিয়ে ১৫ জানুয়ারি নারাজি দেন এ মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। পরে মামলাটি তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত। এরপর কয়েক দফায় প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য হয়। এ মামলার প্রধান আসামি ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে ভারতের এসটিএফ গত ৭ মার্চ গ্রেপ্তার করেছে বলে সম্প্রতি জানা যায়।
গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠায় সরকার। চিকিসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় এ মামলাটি করেন।