ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে ১৪ মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়া থেকে জনগণকে রক্ষা করতে ১৪ মার্চ থেকে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে গতকাল বুধবার দেশবাসীর উদ্দেশে একটি বিশেষ ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার-আমার-আপনাদের-আমাদের প্রত্যেকের স্বার্থে একটি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন, ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ জনগণের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ আমরা সবাই সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।’ তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে, এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য আগে থেকেই প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, বর্ষা মৌসুম, অর্থাৎ জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়ে সাধারণত ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেলেও জনস্বাস্থ্যবিদরা বলছেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। বছরের যেকোনো সময়ই মানুষের ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’ তিনি উল্লেখ করেন, বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়। তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার প্রজনন হতে পারে। কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মশার প্রজনন নিয়ন্ত্রণের জন্য ড্রেন, ডোবা, নর্দমা কিংবা যেসব জায়গায় পানি জমার সুযোগ রয়েছে সেগুলো পরিষ্কার রাখা কার্যকর উপায়।

প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা বা বাড়ি ও বাসার ছাদে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পানির ট্যাংক ঢেকে রাখা এবং প্রতি সপ্তাহে অন্তত একবার বাড়ির ভেতর ও আশপাশ পরিষ্কার রাখারও পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমাদের মনে রাখা প্রয়োজন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়। এ কারণে আসন্ন বর্ষা মৌসুমের আগেই সরকার ১৪ মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসন কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যসহ সব পর্যায়ের জনপ্রতিনিধিদের জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার নিজ নিজ এলাকায় বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।