পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বেতন-বোনাস দাবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ভূইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তারাবো পৌরসভার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিকরা জানান, তারাবো পৌরসভার খাদুন এলাকার ভূইয়া ফেব্রিকস পোশাক কারখানায় ৪০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস বকেয়া থাকলেও মালিকপক্ষ তা দেই দিচ্ছি বলে টালবাহানা করছে । বুধবার সকালে শ্রমিকরা কারখানায় এসে জানতে পারেন বকেয়া বেতন ও ঈদ বোনাস ১৮ মার্চ পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ জানায়। এ ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মালিকপক্ষ আজ বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেন। এতে স্বাভাবিক হতে শুরু করে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ উঠিয়ে কাজে যোগ দেয়।

ত্রিশালে শ্রমিকদের রাস্তা অবরোধ : ত্রিশালে বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা এক ঘণ্টা ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পরে কর্তৃপক্ষ বেতন-বোনাস ঈদের আগে প্রদান করবে বলে ঘোষণা করলে শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।

জানা যায়, বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ত্রিশাল থানাধীন রামপুর ইউনিয়নের বীর রামপুর সাকিনে জেওসি বিডি গার্মেন্টস কোম্পানি লিমিটেডের শ্রমিকদের উদ্দেশ্যে গার্মেন্টস মালিক মিস্টার গু দোভাষীর মাধ্যমে ঘোষণা করেন, চলতি (মার্চ) মাসের ১৫ দিনের বেতন প্রদান করবেন এবং বোনাস ঈদের পরে দেওয়া হবে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ত্রিশাল টু বালিপাড়া আঞ্চলিক সড়ক এক ঘণ্টা অবরোধ এবং ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশসহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর অতিরিক্ত পুলিশ সুপার রায়হানা আক্তার এবং সহকারী পুলিশ সুপার লুৎফুর রহমান ও ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে গার্মেন্ট শ্রমিক এবং গার্মেন্টস মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। পরে গার্মেন্টস মালিকপক্ষ ১৬ মার্চ ১০ দিনের বেতন এবং ঈদের বোনাস প্রদান করবেন বলে ঘোষণা দিলে দুপুরের দিকে গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেন।