নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থানার দায়িত্ব পালনকালে পিস্তল, ম্যাগজিন ও গুলি ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ি থেকে সরিয়ে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
বুধবার (১১ মার্চ) রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দায়িত্ব পালনকালে অস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় এএসআই লুৎফর রহমানকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের ওপর ভিত্তি করে এএসআই লুৎফর রহমানের দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা হবে।
এদিকে এ ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধারের পরে মামলা হলেও অস্ত্র ছিনতাইয়ে জড়িত অপর দুই আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত ৯ মার্চ ভোরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় সিটি করপোরেশনের নগর ভবনের সামনে মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান। এ সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার ওপর হামলা চালায় এবং গুলিভর্তি পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।