ইরাকের আল-ফাও বন্দরে দুই বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৮ জনকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সাদ মান। খবর আলজাজিরার।
ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) এ তথ্য জানিয়েছে।
মুখপাত্র সাদ মান বলেন, দুটি তেলবাহী ট্যাংকারে ‘কাপুরুষোচিত নাশকতামূলক হামলা’ চালানো হয়েছে। হামলাটি ইরাকের জলসীমার ভেতরে সংঘটিত হয়, যা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন।
এদিকে এক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে ইরাকি জলসীমায় সংঘটিত এই হামলার পেছনে বিস্ফোরক বোঝাই নৌযান ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে ইরানের সম্পৃক্ততা থাকতে পারে।
হামলার পর দুটি ট্যাংকারে আগুন ধরে যায়। পরে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা নাবিকদের সরিয়ে নেওয়া হয়। এখনো আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতির মূল্যায়নের কাজ চলছে।