খেজুরের হিসেব দিলেন মাসুদ সাইদী

অনুদান পাওয়া খেজুরের হিসাব দিলেন পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। পিরোজপুর জেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদের অনুকূলে সর্বমোট ১৩৯ কার্টুন খেজুর পেয়েছেন বলে জানান তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই হিসাব তুলে ধরেন।

এমপি মাসুদ সাঈদীর পোস্ট হুবহু তুলে ধরা হলো

একটি বিষয় আপনাদের জানা প্রয়োজন, বাংলাদেশ সরকার কখনও কোনোদিন কাউকে খেজুর দেয়নি।

আলোচিত এই খেজুর বহুবছর ধরে (আমার জানামতে ৮০’র দশক থেকে) সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার হিসেবে আসে। এরই ধারাবাহিকতায় এবারও সৌদি সরকারের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার বাংলাদেশে খেজুর পাঠিয়েছে। দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে আমরা সর্বমোট ১৩৯ কার্টুন খেজুর পেয়েছি। তারমধ্যে পিরোজপুর সদরে ১৮ কার্টুন, নাজিরপুরে ২৪ কার্টুন, জিয়ানগরে ১৪ কার্টুন পেয়েছি।

পিরোজপুরের সম্মানীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে আমি কথা বলেছি। বরাবরের মতো উপজেলা প্রশাসন আমাদের তিন উপজেলার জন্য সর্বমোট বরাদ্দ ৫৬ কার্টুন খেজুর অসহায় ও দুস্থ মানুষ এবং মাদরাসা/এতিমখানায় বিতরণের জন্য তালিকা প্রস্তুত করছে।

অন্ততঃ খেজুর বিতরণে অতীতে আমাদের এলাকায় দুর্নীতি হয়েছে-এমন কোনো খবর আমার জানা নেই। তবুও নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিটি ওয়ার্ডে যথোপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যাতে উপহার হিসেবে পাওয়া খেজুর পৌঁছে যায়-সে বিষয়ে নির্দেশনা দিয়েছি।