ট্রান্সফরমার বিস্ফোরণে তিন পথচারি দগ্ধ

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত গরম জমে বিপনী বিতানের পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে তিন পথচারী দগ্ধ হয়েছেন।  এসময় ট্রান্সফরমার পাশের একটি ভবনেও আগুন ধরে যায়। পৌর শহরের শিল্পাঞ্চলখ্যাত মাওনা চৌরাস্তা এলাকায় বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদেরকে স্থানীয় আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকে) বার্ণ ইউনিটে পাঠানো হয়। তাদের শরীর অন্তত ৪৫-৫০ শতাংশ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত পৌনে ১১টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় আবদুস সাহিদ সুপার ভিউ বাণিজ্যিক ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির একটি ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিনজন পথচারি দগ্ধ হন। এ সময় আতঙ্কে ঈদ মার্কেট করতে আসা ক্রেতারা দ্বিগবিদ্বিগ দৌড়াদৌড়ি করতে থাকেন। এতে ধাক্কাধাক্কির ফলে আরও অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে পরে তাদের ঢাকায় পাঠান হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,অপারেশন) সঞ্জয় সাহা জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূরুল করিম বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণের সময় আগুনে ফুলকি ছিটকে নিচে পড়লে কয়েকজন পথচারি দ্বগ্ধ হয়েছেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ জানান, একজন দগ্ধ রোগী সংকটাপন্ন অবস্থায় আছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে মাওনা চৌরাস্তা এলাকা আরও পরিছন্ন ও বৈদ্যুতিক তারের জঞ্জাল সরানো ব্যবস্থা করব। মার্কেট মালিকদের নিয়ে বসে তাদের নির্দেশ দেওয়া হবে যেন বাহিরে কোনো অনুমোতিহীন কোনো বিদ্যুৎ লাইন সরবাহ না করেন। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।