টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে তাকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে যুক্ত হলেন আরেক সদস্য।
বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। অধিবেশন শুরুর পর মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।
তারা দুজনই বর্তমান সরকারের মন্ত্রিপরিষদে ছিলেন। যার মধ্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।
উভয়ে নতুন দায়িত্ব নিলে তাদের মন্ত্রিত্ব শূন্য হয়। এর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে আহমেদ আযম খানকে মনোনীত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি শপথ নেন।