জামালপুর পৌর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকায় স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার প্রতিবাদে স্বামী হোসেন তাইফুরের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জেলা শাখা ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের দয়াময়ী মোড়ে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জেলা শাখা ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত তাহমিনা আক্তার তানিয়া পৌর শহরের মুকুন্দবাড়ি এলাকার আবু তাহেরের মেয়ে।
ঘণ্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন নিহতের ছোট ভাই ও মামলার বাদী অ্যাডভোকেট আবু ফাহাত তৌকির, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, চিকিৎসক মনিরুজ্জামানসহ নিহতের স্বজনরা।
এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন করে স্বামী হোসেন তাইফুরের ফাঁসির দাবি করেন।
উল্লেখ্য, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাতে স্ত্রী তানিয়া আক্তার তানিয়াকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর বিছানায় মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করে স্বামী হোসেন তাইফুর। এ সময় ধুয়া চারদিকে ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী হোসেন তাইফুরকে আটক করে পুলিশ। পরদিন নিহতের ভাই আবু ফাহাত তৌকির বাদী হয়ে হোসেন তাইফুরকে আসামি করে জামালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।