বালিয়াকন্দিতে ইউপি চেয়ারম্যানের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর মৌজায় সরকারি খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ২৭ ও ২৮ নম্বর দাগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের দখলকৃত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খাস জমি উদ্ধার করা হয়।

জানা যায়, গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে চেয়ারম্যান রেজাউল করিমকে নোটিশ দেওয়া হয়েছিল। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মৌখিকভাবেও স্থাপনা অপসারণের আহ্বান জানানো হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করায় অভিযান চালিয়ে তা উচ্ছেদ করা হয়। বাজারমূল্য হিসেবে উদ্ধারকৃত সম্পত্তির মূল্য আনুমানিক ২০,০০,০০০(বিশ লাখ) টাকা। 

সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় বহরপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা প্রদীপ কুমার ও বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল হক উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, বহরপুর ইউনিয়নের ১নং খাস খতিয়ানের ২টি দাগে ৩০ শতাংশ জমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম দীর্ঘদিন যাবত দখল করে রেখেছিলেন। এরই মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ করা হয়, একাধিকবার মৌখিক ভাবেও জানানো হয় কিন্তু তিনি স্থাপনা না সরানোয় বিধিমোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে পল্লী বিদ্যুৎ, ওজোপাডিকো এবং বালিয়াকান্দি থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।