সুন্দরবন থেকে ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক

সুন্দরবনে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণিকে (৩৮) অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে। আজ বৃহস্পতিবার তাকে আটক করা হয়। আটক হওয়া ডাকাত ওসমান গণির সাতক্ষীরা জেলার আশাশুনি।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, তারা গোপন সংবাদে জানতে পারেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ওসমান গণিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেই এলাকায় তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

মিডিয়া কর্মকর্তা আরও বলেন, আটককৃত দীর্ঘদিন করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।