মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক রুটের ১০০টি ফ্লাইট বাতিল করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ রাত পর্যন্ত এসব ফ্লাইট বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড সীমিত পরিসরে বন্ধ রয়েছে। তাই বুধবার (১১ মার্চ) ৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট ও ২টি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট রয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আসা ৮টি অ্যারাইভাল ফ্লাইট ও ৫টি ডিপার্চার ফ্লাইট বুধবার সচল ছিল।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলো অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে।