ফিনিলিসিমা খেলতে শত্রুর ডেরায় যাবেন মেসি!

ফিনালিসিমার ভেন্যু নিয়ে অনিশ্চয়তা অবশেষে কেটে গেল। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচটি আগামী ২৭ মার্চে দোহায় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা এখন স্পেনে আয়োজন করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম সবচেয়ে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ফিনালিসিমার ভেন্যু নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। তাতে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের ফিনালিসিমা ম্যাচটি আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পরিকল্পনা ছিল এই প্রতিযোগিতার আয়োজক কতৃপক্ষের। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তার খাতিরে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

স্পেনের রেডিও কাদেনা কোপ-এর প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের বেশ কয়েকটি স্টেডিয়াম নিয়ে আলোচনা হলেও ওই নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততার কারণে সেগুলো খালি পাওয়া যায়নি। ফলে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের আইকনিক স্টেডিয়াম বার্নাব্যুকেই বেছে নেওয়া হয়। শুরুতে আর্জেন্টিনা এই ভেন্যুতে খেলতে কিছুটা দ্বিধা প্রকাশ করেছিল, কারণ স্পেনের ঘরের মাঠে খেলা হলে তারা বাড়তি সুবিধা পাবে। তবে বর্তমান লজিস্টিক জটিলতায় বার্নাব্যুই সবচেয়ে উপযুক্ত বিকল্প হিসেবে সামনে আসে।

ইউরো ২০২৪-এর চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার এই আন্তঃমহাদেশীয় লড়াই নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু থেকেই তুঙ্গে উন্মাদনা। একদিকে বর্তমান ফুটবল সম্রাট মেসি, অন্যদিকে যার মাঝে আগামীর মেসির ছায়া দেখছে বিশ্ব—সেই ১৮ বছর বয়সী ইয়ামাল। দুই প্রজন্মের এই লড়াই দেখার জন্য মুখিয়ে আছে সবাই।

যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তবে মাদ্রিদের এই বিখ্যাত স্টেডিয়ামে হাজার হাজার দর্শক সাক্ষী হতে যাচ্ছেন এক ঐতিহাসিক মুহূর্তের। যে মাঠে মেসি অসংখ্যবার নিজের জাদুকরী ফুটবল দেখিয়েছেন, সেখানেই এবার জাতীয় দলের জার্সিতে তার মুখোমুখি হবেন তার উত্তরসূরি ইয়ামাল।