ইউএনজিএ সভাপতি পদে প্রচারে নামছেন পররাষ্ট্রমন্ত্রী 

জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ২০২৬-২০২৭ মেয়াদে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ নির্বাচনে প্রচারের কাজে তিনি আগামী শনিবার তুরস্ক যাচ্ছেন।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য বিচ্ছিন্নভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ঢাকায় এবং বিভিন্ন দেশের সরকারকে কূটনৈতিক চ্যানেলে অনুরোধ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবারই প্রথম এ নির্বাচনে প্রচারের কাজে বিদেশে যাচ্ছেন।

সফরটি তিনি শুরু করবেন তুরস্ক থেকে। এ নির্বাচনে এবার বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী তুরস্কের প্রতিবেশী সাইপ্রাস। ন্যাটোর এই সদস্য-রাষ্ট্র আঞ্চলিকভাবে বেশ প্রভাবশালী বলে আন্তর্জাতিক পরিসরে তুরস্কের সমর্থনের আলাদা গুরুত্ব আছে।

এবারকার দুই সপ্তাহের সফরে পররাষ্ট্রমন্ত্রী এরপর যাবেন নিউ ইয়র্ক। সেখানে জাতিসংঘ সদরদপ্তরে অনেকগুলো কর্মসূচিতে তিনি যোগ দেবেন।

এর আগে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশকে সমর্থনের মৌখিক প্রতিশ্রুতি দেন।