নকলায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগ

শেরপুরের নকলায় সজিব নামের ১৪ বছরের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার বিবিরচর গ্রামের মো. ফারহান উদ্দিনের পুত্র সজিবকে ১০ মার্চ রাত ৯-৩০ মিনিটের দিকে তারাবির নামাজ শেষে বাড়ি থেকে ডেকে নিয়ে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে শরীর থেকে তার কলিজা আলাদা করে মাদকাসক্ত কিশোর গ্যাং সদস্যরা। কিশোর গ্যাং লিডার নামে পরিচিত রাহাত ও তার সাথে আরও ৫/৬ জন মিলে সাজিবের উপর এমন পৈশাচিক নির্যাতন চালায় বলে অভিযোগ করেছে সাজিবের পিতা ফারহান উদ্দিন।

এলাকাবাসীদের মতে একটি মোবাইল ফোন নিয়ে বেশ কয়েকদিন ধরে  সজিব এবং রাহাত গংদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে রাহাতসহ ৫/৬ জন মিলে সজিবকে বাড়ি থেকে বেড়ানোর কথা বলে নকলা উপজেলার পাইস্কা বাইপাসে নিয়ে আসে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে পাইস্কা ব্রীজের নিচে নিয়ে ধারালো চাকু দিয়ে পেট কেটে কলিজা আলাদা করে রাহাত গংরা। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা সজিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর দেখে রেফার করে ম'মে'ক হাসপাতালে। ঘটনাস্থল পরিদর্শন করেছে শেরপুরের সহকারী পুলিশ সুপার নাজরিন আক্তারসহ নকলা থানা পুলিশ।  

ওসি রিপন চন্দ্র গোপ বলেন, ১১ মার্চ রাত ১১-৪৫ মিনিটের দিকে আমরা একটি অভিযোগ পেয়েছি। হাসপাতাল সুত্রে জানা গেছে রোগীর অবস্থাও সংকটাপন্ন। এ ঘটনায় অপরাধীরা এলাকা ছেড়ে পালিয়েছে। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।