খুলনায় মায়ের দায়ের করা মামলায় আদালত ছেলে মাসুম বিল্লাহকে (৩০) কারাগারে পাঠিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আমলী আদালত ‘রূপসা’ অঞ্চলের বিচারক অপূর্ব বালা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে তার জামিন চেয়ে আবেদন করলে তা না মঞ্জুর করেন আদালত। গতকাল বুধবার রাতে মাসুম বিল্লাহকে রূপসা উপজেলার রামনগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সে ঐ গ্রামের সামসুল হক ও সাহারা বানু দম্পত্তির ছেলে।
ভুক্তভোগী সাহারা বানু জানান, ২০১৩ সালে বড় ছেলে মাসুম বিল্লাহ তার (মা) ভরপোষণ দেওয়ার কথা বলে ১৬ কাঠা জমি নিজের নামে লিখে নেন। এরপর তিনি মায়ের ওপর চরম অত্যাচার শুরু করেন। প্রায়ই তাকে মারধর করতেন। আত্মীয়-স্বজন ও আপন ভাই-বোনদের বাড়িতে ঢুকতে পর্যন্ত দিতেন না। তাকে বাড়ি থেকে বের হয়ে যাওযার জন্য চাপ দিতেন। উত্তরে তিনি স্বামীর ভিটা থেকে কোথাও না যাওয়ার সিদ্ধান্ত ছেলে মাসুম বিল্লাহকে জানিয়ে দেন। এরই ধারাবাহিকতায় গত ১ জানুয়ারি সাহারা বানুকে গলা ধরে ঘর থেকে বের করে এলোপাতাড়ি মারপিট করেন। এ সময় তার ছেলের স্ত্রী চুলের মুঠি ধরে মাসুমের সঙ্গে মারধর করতে থাকেন। একপর্যায়ে ঘরের ভেতর প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৩ হাজার টাকা লুট করে নেন ছেলের স্ত্রী খাদিজা আক্তার পপি।
আহত সাহারা বানুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ঘটনাটি থানায় জানালে তাকে জীবননাশের হুমকি দেন মাসুম। এ ঘটনায় সাহারা বানু গত ৫ ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে রূপসা থানা পুলিশকে মাসুমকে গ্রেপ্তারের নির্দেশ দেন।