আয়নার কালো দাগ কীভাবে পরিষ্কার করবেন

বাড়িতে পুরনো আয়না বা কাচের শোকেসে অনেক সময় কালো কালো ছোপ বা দাগ দেখা যায়। অনেকেই ভাবেন এটি ময়লা, তাই ঘষে পরিষ্কার করার চেষ্টা করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই দাগ আসলে আয়নার পেছনের সিলভার কোটিং নষ্ট হয়ে যাওয়ার ফল। তাই শুধু ঘষে বা সাধারণ ক্লিনার দিয়ে এটি পুরোপুরি তোলা সম্ভব হয় না। তবে কিছু সহজ উপায়ে আয়না ও কাচ অনেকটাই পরিষ্কার ও ঝকঝকে রাখা যায়।

গরম পানি : প্রথমে আয়না পরিষ্কার করার জন্য হালকা গরম পানিতে কয়েক ফোঁটা লিকুইড সাবান মিশিয়ে নিন। একটি নরম কাপড় বা মাইক্রোফাইবার কাপড় সেই পানিতে ভিজিয়ে আয়নার ওপর আলতো করে মুছুন। এতে ধুলা, আঙুলের দাগ বা হালকা ময়লা সহজেই উঠে যাবে।

ভিনিগার : কালো ছোপ যদি ময়লার কারণে হয়ে থাকে, তাহলে ভিনিগার খুব ভালো কাজ করে। সমান পরিমাণ সাদা ভিনিগার ও পানি মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। এরপর আয়নার ওপর স্প্রে করে নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে কাচের ওপর জমে থাকা দাগ অনেকটাই হালকা হয়ে যায় এবং কাচ চকচকে দেখায়।

বেকিং সোডা : আরও একটি কার্যকর উপায় হলো বেকিং সোডা ব্যবহার করা। সামান্য বেকিং সোডা ও জল মিশিয়ে হালকা পেস্ট তৈরি করুন। খুব আলতো করে দাগের ওপর লাগিয়ে নরম কাপড় দিয়ে মুছে নিন। তবে খুব জোরে ঘষবেন না, কারণ এতে কাচে স্ক্র্যাচ পড়তে পারে।

কাচের শোকেস পরিষ্কার করার ক্ষেত্রেও একই নিয়ম মানতে পারেন। প্রথমে শুকনো কাপড় দিয়ে ধুলো ঝেড়ে ফেলুন। তারপর ভিনিগার মিশ্রণ বা সাবান জল দিয়ে কাচ মুছে নিন। শেষে শুকনো কাপড় বা খবরের কাগজ দিয়ে মুছলে কাচে জল দাগ পড়ে না এবং বেশি উজ্জ্বল দেখায়।

সিলভার লেয়ারের দাগ হলে : তবে যদি আয়নার কালো দাগ পেছনের সিলভার লেয়ারের ক্ষয়ের কারণে হয়ে থাকে, তাহলে সেটি পুরোপুরি তোলা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আয়নার পেছনে নতুন করে সিলভার কোটিং করাতে হয় অথবা নতুন আয়না লাগানোই সবচেয়ে ভালো সমাধান। ভবিষ্যতে এই সমস্যা এড়াতে আয়না বা কাচের ওপর বেশি পানি জমতে দেবেন না এবং নিয়মিত পরিষ্কার করবেন। বিশেষ করে বাথরুমের আয়না হলে ব্যবহার করার পর শুকনো কাপড় দিয়ে মুছে রাখা ভালো। এতে আয়না অনেক দিন পর্যন্ত নতুনের মতো উজ্জ্বল থাকবে।