দ্য হান্ড্রেডের ভারতীয় ফ্র্যাঞ্চাইজিতে পাকিস্তানের আবরার আহমেদ

লন্ডনে অনুষ্ঠিত দ্য হান্ড্রেড নিলামে ভেঙে গেল দীর্ঘদিনের এক অদৃশ্য দেয়াল। টুর্নামেন্টের অন্যতম ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস ১ লক্ষ ৯০ হাজার পাউন্ডে দলে ভিড়িয়েছে পাকিস্তানের রহস্য স্পিনার আবরার আহমেদকে। এর মাধ্যমে প্রথমবারের মতো ভারতীয় মালিকানাধীন কোনো ফ্র্যাঞ্চাইজিতে জায়গা পেলেন কোনো পাকিস্তানি ক্রিকেটার।

সানরাইজার্স লিডসের মালিকানায় রয়েছে ভারতের সান টিভি নেটওয়ার্ক, যারা আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ ও দক্ষিণ আফ্রিকার এসএ২০-এর সানরাইজার্স ইস্টার্ন কেপেরও মালিক। রাজনৈতিক কারণে দীর্ঘ সময় ধরে আইপিএল বা অন্য ভারতীয় মালিকানাধীন লিগে পাকিস্তানি ক্রিকেটারদের দেখা না গেলেও এবার সেই প্রথা ভাঙল।

দলটির প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি জানান, আদিল রশিদকে না পাওয়ার পর তাদের প্রথম পছন্দই ছিলেন আবরার। অজি ক্রিকেটারদের পরামর্শেই এই পাকিস্তানি স্পিনারকে নিতে আগ্রহী হয় লিডস কর্তৃপক্ষ। আবরার ছাড়াও বার্মিংহাম ফিনিক্স ১ লক্ষ ৪০ হাজার পাউন্ডে আরেক পাকিস্তানি স্পিনার উসমান তারিককে দলে নিয়েছে।

অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য বড় খবর হলো, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান প্রথমবারের মতো এই টুর্নামেন্টে দল পেয়েছেন। নিলামের শেষ রাউন্ডে বার্মিংহাম ফিনিক্স তাকে ১ লক্ষ পাউন্ড ভিত্তিমূল্যে দলে নেয়। এর মাধ্যমে মোস্তাফিজই প্রথম বাংলাদেশি হিসেবে 'দ্য হান্ড্রেড'-এর মঞ্চে খেলার গৌরব অর্জন করতে যাচ্ছেন।

এবারের নিলামে সবাইকে চমকে দিয়ে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন সাসেক্সের ২১ বছর বয়সী অলরাউন্ডার জেমস কোল্‌স। তাকে ৩ লক্ষ ৯০ হাজার পাউন্ডে কিনেছে লন্ডন স্পিরিট। এছাড়া জো রুট ২ লক্ষ ৪০ হাজার পাউন্ডে ওয়েলশ ফায়ারে এবং এইডেন মার্করাম ২ লক্ষ পাউন্ডে ম্যানচেস্টার সুপার জায়ান্টে নাম লিখিয়েছেন।