আবরারকে দলে নেওয়ায় সাইবার আক্রমণে বন্ধ হলো সানরাইজার্সের এক্স হ্যান্ডেল

দ্য হান্ড্রেডের নিলামের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। আবরার আহমেদকে দলে নেওয়ার ঘটনায় ভারতীয় কেম্পানির মালিকানাধীন সানরাইজার্স লিডসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, গণ রিপোর্ট করে এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সানরাইজার্স লিডস ১ লক্ষ ৯০ হাজার পাউন্ড খরচ করে আবরারকে দলে নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সমর্থকদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করতে শুরু করে। ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার কারণে আইপিএল বা অন্য কোথাও ভারতীয় মালিকানাধীন দলে পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়া হয় না।গণ রিপোর্টের কারণে সানরাইজার্সের এক্স হ্যান্ডেল বন্ধ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

সানরাইজার্স সেই ‘অলিখিত নিয়ম’ ভাঙায় মালিক পক্ষ এবং কাভিয়া মারানের ওপর চটেছেন অনেক সমর্থক। এমনকি আইপিএলে ‘সানরাইজার্স হায়দরাবাদ’ বয়কটের ডাকও দেওয়া হয়েছে। এক্স কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি স্থগিত করার বিষয়ে স্পষ্ট কোনো কারণ না জানালেও সেখানে ‘নিয়ম লঙ্ঘনের’ বার্তা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, গণ-রিপোর্ট বা সাইবার আক্রমণের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আবরার আহমেদ এবং বার্মিংহাম ফিনিক্সে যোগ দেওয়া উসমান তারিক দল পেলেও, পাকিস্তানের বড় তারকাদের প্রতি বিমুখ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। হ্যারিস রউফ, সাইম আইয়ুব এবং শাদাব খানের মতো তারকারা অবিক্রিত থেকে গেছেন। অন্যদিকে, শাহীন শাহ আফ্রিদি আগেই নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। নারী ক্রিকেটারদের মধ্যে ফাতিমা সানা ও সাদিয়া ইকবালও কোনো দল পাননি।

মাঠের খেলা শুরু হওয়ার আগেই ‘দ্য হান্ড্রেড’ এখন মাঠের বাইরের রাজনৈতিক ও সামাজিক বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে।