নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাঁন মিয়া উপজেলার সারুলিয়া গ্রামের তামজেল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশে রেললাইনের পাশে ছাগলকে ঘাস খাওয়াতে যান আমিনুর রহমান। ছাগল বেঁধে রাখার পর সেটি দৌড়ে রেললাইনের ওপর চলে গেলে তিনি ছাগলের দড়ি ধরে টেনে আনতে যান। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি রেলের জায়গায় হওয়ায় রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা রেলওয়ে পুলিশ গ্রহণ করবে।
প্রসঙ্গত, নড়াইল জেলার ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ার পর কয়েক মাসের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে এ নিয়ে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।