জিতলে সিরিজ নিশ্চিত, হারলে বাড়বে অপেক্ষা- এই সমীকরণে দাঁড়িয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবারও টস জিতেছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানকে জানিয়েছেন ব্যাটিংয়ের আমন্ত্রণ।
টস জয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমরা আগে বোলিং করতে চাই। (দলে) কোনো পরিবর্তন নেই। একই দল থাকছে।’ অন্যদিকে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেছেন, ‘উইকেট ভালো মনে হচ্ছে। খেলোয়াড়েরা (প্রথম ম্যাচে) তাদের ভুলগুলো জানে। আশা করি তারা ঘুরে দাঁড়াবে এবং তাদের ওপর আমার আস্থা আছে। স্পিনার আবরার আহমেদের জায়গায় খেলবে পেসার হারিস রউফ’
উল্লেখ্য, গত বুধবার প্রথম ওয়ানডেতে স্রেফ উড়ে গেছে পাকিস্তান। নাহিদ রানার বিধ্বংসী বোলিং আর তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটের একপেশে জয় পেয়েছে বাংলাদেশ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১৫ সালে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ‘বাংলাওয়াশ’ করেছিল বাংলাদেশ। ১১ বছর পর আবারও সেই সুযোগ হাতছানি দিচ্ছে।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।