ওমানে ড্রোন হামলায় নিহত ২

ওমানের সোহার প্রদেশে ড্রোন হামলায় দুই বিদেশি নাগরিক নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

শুক্রবার (১৩ মার্চ) নিরাপত্তা সূত্রের বরাতে সংস্থাটি জানায়, একটি ড্রোন সোহার এলাকার আল-আওয়াহি শিল্পাঞ্চলে আঘাত হানে। এতে দুই বিদেশি নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। আরেকটি ড্রোন খোলা এলাকায় পড়লেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার পর শুরু হওয়া সংঘাতের প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় বিভিন্ন দেশে হামলার ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বুধবার ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির সালালাহ বন্দরে জ্বালানি ট্যাংকে ড্রোন আঘাত হানে। তবে ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। 

ওমানের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলার পরও দেশে তেল ও জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি। এদিকে বেসরকারি সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানিয়েছে, বন্দরের দক্ষিণ অংশে হামলার পর সেখানে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়েছে।