শুরুটা ছিল বিধ্বংসী। বিনা উইকেটে ১০৩ রান তুলে বড় সংগ্রহের শক্ত ভিত গড়ে ফেলেছিল পাকিস্তান। কিন্তু এরপরই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশের বোলাররা। মাত্র ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের টপ অর্ডারের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে লাল-সবুজরা।
মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের দুই ওপেনার সাদাকাত বিন আনোয়ার ও ফারহান শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন। বিশেষ করে সাদাকাত ছিলেন আক্রমণাত্মক মেজাজে। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের করা প্রথম ওভারগুলো থেকেই বাউন্ডারি আদায় করে নেন পাকিস্তানি ব্যাটাররা। মাত্র ৪৬ বলে ৭৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন সাদাকাত। ১৩তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে স্কুপ করতে গিয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১০৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।
সাদাকাত ফিরলেও অন্যপ্রান্তে ধীরস্থির খেলছিলেন ফারহান। ইনিংসের শুরুতে একবার রিভিউ নিয়ে বেঁচে গেলেও শেষ পর্যন্ত ইনিংসটি বড় করতে পারেননি তিনি। তাসকিন আহমেদের বলে থার্ড ম্যানে ক্যাচ দেওয়ার আগে ৪৬ বলে ৩১ রান করেন এই ওপেনার। ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১২১/২।
প্রথম ওয়ানডের মতো আজকেও শামিল হোসেনকে সাজঘরে ফেরান তরুণ পেসার নাহিদ রানা। গত ম্যাচে ৪ রানে আউট হওয়া শামিল আজ ফিরেছেন মাত্র ৬ রান করে। ২০তম ওভারে দলীয় ১২২ রানে শামিলের বিদায়ের ফলে বড় চাপে পড়ে যায় সফরকারীরা।
বিনা উইকেটে ১০৩ রান থেকে ১২২ রানে ৩ উইকেট হারিয়ে বসা পাকিস্তান এখন ইনিংস পুনর্গঠনের লড়াই করছে। ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১২৩ রান ৩ উইকেটের বিনিময়ে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১টি করে উইকেট নিয়েছেন মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।