চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দরের আইসিপি এলাকায় পায়ুপথে সোনা পাচারের সময় ভারতগামী এক যুবককে দুটি স্বর্ণেরবারসহ আটক করেছে বিজিবি। আটক যুবকের নাম সানি মাই (২৭)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগস্থ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত চেকিংয়ের সময় মেটাল ডিটেকটরে সানির দেহে ধাতব দ্রব্য থাকার বিষয় জানতে পারেন। পরে তাকে আটক করে শিববগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে এক্সরে করা হলে তার পায়ুপথে দুটি স্বর্ণেরবার থাকার ছবি ধরা পড়ে।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া স্বর্ণেরবার দুটির ওজন ২৩১ দশমিক ৮১ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ৫৪ লাখ টাকা। বৃহস্পতিবার রাতেই শিবগঞ্জ থানায় মামলা দায়েরসহ সানিকে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক গোলাম কিবরিয়া।