যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ধর্মীয় স্বাধীনতা কমিশনের উপদেষ্টা বোর্ডের একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি পদত্যাগ করেছেন। তিনি হোয়াইট হাউসের একটি সিদ্ধান্তের প্রতিবাদে এ পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
মিডল ইস্ট আই–এর হাতে পাওয়া তার পদত্যাগপত্রে বলা হয়, কমিশনের সদস্য ক্যারি প্রেজিয়ান-বোলারকে অপসারণের প্রতিবাদেই তিনি পদ ছেড়েছেন। প্রেজিয়ান-বোলার একজন ক্যাথলিক কমিশনার, যিনি প্রকাশ্যে জায়োনিজমের সমালোচনা করেছিলেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেজিয়ান-বোলার জানান, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা এবং নিজেকে অ্যান্টি-জায়োনিস্ট হিসেবে অবস্থান নেওয়ার কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে বলে তিনি মনে করেন।
গত ফেব্রুয়ারিতে কমিশনের এক বৈঠকে ক্যাথলিক ধর্ম ও জায়োনিজম পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন মন্তব্য করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।