বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নারী শিশুসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। একই সঙ্গে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দীনকে প্রধান করে তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন পুলিশ বিভাগের বাগেরহাটের রামপাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিফতু ইসলাম ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিদর্শক।
কমিটির বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো.বাতেন বলেন, খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে দুর্ঘটনায় নারী শিশুসহ ১৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দীনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।
তিনি বলেন, মহাসড়কে ঘটে যাওয়া দুর্ঘটনা কিভাবে ঘটল, কার অবহেলায় ঘটল তার সঠিক কারণ অনুসন্ধান করাই জবে এই কমিটি কাজ। তদন্ত প্রতিবেদনে যার অবহেলা প্রমাণিত হবে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।