২০ বলে মাত্র ৮ রান দিয়ে ৬ উইকেট! অবিশ্বাস্য এই বোলিং ফিগার নিয়ে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন লেগ-স্পিনার উসামা মির। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে শিয়ালকোটের হয়ে লাহোর ব্লুজের বিপক্ষে এই রেকর্ড গড়া পারফরম্যান্স করেন তিনি। তার এই ঘূর্ণি জাদুতে লাহোর মাত্র ১০০ রানে গুটিয়ে যায় এবং শিয়ালকোট ১১০ রানের বিশাল জয় পায়।
বৃহস্পতিবার পেশোয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে উসামা মির ৩.২ ওভার বল করে মাত্র ৮ রান খরচায় তুলে নেন ৬টি উইকেট। এটি পাকিস্তানের মাটিতে যেকোনো বোলারের জন্য টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার। এর আগে ২০২৩ সালে মোহাম্মদ ইমরানের ১৬ রানে ৬ উইকেট ছিল দেশটির মাটিতে সেরা রেকর্ড।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একাধিকবার ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে খুব কম বোলারের। উসামা মির এই তালিকায় চতুর্থ বোলার হিসেবে নাম লেখালেন। এর আগে ২০২৪ সালের পিএসএলে মুলতান সুলতানসের হয়ে ৪০ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
বিশ্ব ক্রিকেটে তার আগে এই কীর্তি গড়েছেন কেবল শ্রীলঙ্কার অজন্থা মেন্ডিস, বাংলাদেশের সাকিব আল হাসান এবং ভারতের আরজান নাগওয়াসওয়ালা।
ক্যারিয়ারে দুবার করে ৬ উইকেট শিকারী
অজন্থা মেন্ডিস (শ্রীলঙ্কা) ৬-১৬ বনাম অস্ট্রেলিয়া, ২০১১ ৬-৮ বনাম জিম্বাবুয়ে, ২০১২
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৬-৬ বনাম রেড স্টিল, ২০১৩ ৬-১৮ বনাম মোহামেডান, ২০১৩
আরজান নাগওয়াসওয়ালা (ভারত) ৬-১৯ বনাম মহারাষ্ট্র, ২০২১ ৬-১৩ বনাম রেলওয়েজ, ২০২৩
উসামা মির (পাকিস্তান) ৬-৪০ বনাম লাহোর কালান্দার্স,২০২৪ ৬-৮ বনাম লাহোর ব্লুজ, ২০২৬