বইমেলায় ফায়ার সার্ভিসের সচেতনতামূলক লিফলেট বিতরণ

অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে অমর একুশে বইমলোয় লিফলেট বিতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (১৩মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে বইমেলায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় মেলায় আগত দর্শনার্থী ও বিভিন্ন স্টলে কর্মরতদের সচেতনতামূলক লিফলেট দেয়া হয়। মেলায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীকেও লিফলেট দেয়া হয়। এ সময় তিনি আনন্দের সাথে লিফলেট গ্রহণ করেন। এছাড়া লিফলেট গ্রহণ করে ফায়ার সার্ভিস কর্মকর্তা-কর্মচারীদের সাথে ফটোসেশনে অংশ নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। আইনমন্ত্রী এবং আসিফ আকবরসহ অনেকই ফায়ার সার্ভিসের সচেতনতামূলক এ কার্যক্রমের প্রশংসা করেন। 

দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে সচেতনার কোনো বিকল্প নেই। এ জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসির নির্দেশে জনসাধারণকে সচেতন করতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অমর একুশে বইমেলায় লিফলেট বিতরণের এই উদ্যোগ নেয়া হয়। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি উভয় পাশের বইয়ের স্টল এবং ও মেলায় আসা দর্শনার্থীদের অগ্নিকাণ্ডে করণীয়বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর  মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানের ফায়ার সার্ভিসের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের সামনে থেকে এ কার্যক্রম শুরু করা হয়। অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিস প্রতিনিয়ত গণসংযোগ, টপোগ্রাফি, স্ট্যাটিক র‌্যালি, মহড়া, প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে। বইমেলায় লিফলেট বিতরণ এ কার্যক্রমের ধারাবাহিকতার অংশ। 

বই মেলায় লিফলেট বিতরণের পাশাপাশি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচার করা হয়। এ সময় একজন দর্শনার্থী ফায়ার সার্ভিসের এই হটলাইন নাম্বারে পরীক্ষামূলকভাবে ফোন করেন। এসময় তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, প্রথমে ধারণা করেছিলাম তারা হয়তো রেসপন্স করবে না। কিন্তু ফোন দেয়ার পর আমার সে ভুল ভেঙে গেছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।

উল্লেখ্য, বইমেলায় ফায়ার সার্ভিসের একটি স্টলে দুর্ঘটনা রোধে করণীয়বিষয়ক বিভিন্ন বই ও লিফলেট রাখা হয়েছে। মেলার প্রথম দিন থেকে লিফলেট বিতরণ এবং অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বই সূলভ মূল্যে বিক্রির সেবা দিচ্ছে এই স্টল। এছাড়া মহাপরিচালকের নির্দেশে প্রতি শুক্রবার শিশুদের জন্য আগুন, ভূমিকম্প ও বজ্রপাতে করণীয় বিষয়ক নির্দেশনা পত্র বিনামূল্যে বিতরণ করা হয়। শেখানো হয় ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার। এ কার্যক্রম মেলার শেষ দিন পর্যন্ত চালু থাকবে  বলে জানা গেছে।