ইডকলের অর্থায়নে আকিজ সিরামিকসের রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন

ময়মনসিংহের ত্রিশালে আকিজ সিরামিকস লিমিটেডে ১৮.৬৯ মেগাওয়াটপিক ক্ষমতার রুফটপ সোলার প্রকল্পের আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) অর্থায়িত এই প্রকল্পটি বাংলাদেশের শিল্পখাতে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় জার্মান দূতাবাসের ডেভেলপমেন্ট কোঅপারেশনের প্রধান উলরিখ ক্লেপম্যান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএফডব্লিউ-এর পরিচালক মাইকেল সামসার-হেলস্টার্ন, ইডকল-এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরসেদ এবং আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস কে বশির উদ্দিন।

জানা গেছে মোট ১০১.৪৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের মধ্যে প্রায় ৭৬.৮৩ কোটি টাকা অর্থায়ন করেছে ইডকল। প্রকল্পটি প্রতিবছর প্রায় ১৯,৫০০ মেগাওয়াট-ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করবে এবং বছরে প্রায় ১৪,৬২৬ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হ্রাসে সহায়তা করবে। প্রকল্পটির মোট সক্ষমতার মধ্যে ১০ মেগাওয়াটপিক ইতোমধ্যে নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উলরিখ ক্লেপম্যান বলেন, এই প্রকল্পটি জার্মানি ও বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার শক্তিশালী অংশীদারিত্বের একটি উজ্জ্বল উদাহরণ। তিনি উল্লেখ করেন, নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতায় বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের জলবায়ু কর্মসূচিকে সমর্থন করতে জার্মানি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কেএফডব্লিউ-এর পরিচালক মাইকেল সামসার-হেলস্টার্ন বলেন, ইডকলকে প্রদান করা ৬০ মিলিয়ন ইউরোর অর্থায়ন শিল্পখাতে কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাস্তবায়নে সহায়তা করছে।

অনুষ্ঠানে ইডকল-এর নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ বলেন, বেসরকারি খাতে রুফটপ সৌর বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। এ প্রেক্ষাপটে ইডকল ২০৩০ সালের মধ্যে ১,১৫০ মেগাওয়াটপিক রুফটপ সৌর বিদ্যুৎ অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইতোমধ্যে ইডকল প্রায় ২২০ মেগাওয়াটপিক প্রকল্পে অর্থায়ন করেছে এবং ২০০ মেগাওয়াটপিকেরও বেশি সক্ষমতার প্রকল্প পাইপলাইনে রয়েছে।

আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস কে বশির উদ্দিন বলেন, এই প্রকল্পটি টেকসই উন্নয়নের প্রতি আকিজ বশির গ্রুপের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে। ইডকল-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে গ্রুপটি ইতোমধ্যে মোট ৬৭ মেগাওয়াটপিক সক্ষমতার ১১টি সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করেছে। উদ্বোধন শেষে অতিথিরা সৌর বিদ্যুৎ স্থাপনা ও কারখানা পরিদর্শন করেন।