নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুজিবুর রহমান নামে এক যুবদল নেতা ও হরি আনন্দ নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণবাগ এলাকায় যুবদল নেতা মজিবুর ও আওয়ামী লীগ নেতা হরিনন্দ সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন। পরে হরি আনন্দ তাদের হুমকি ধামকি প্রদান করে। মজিবুর রহমান রূপগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার দক্ষিণবাগ এলাকায় বেশকিছু সরকারি জমি রয়েছে। এ সকল সরকারি জমি রক্ষণাবেক্ষণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মাদ্রাসা নির্মাণের জন্য বরাদ্দ নেন রাশেদুল ইসলাম নামে স্থানীয় বাসিন্দা। সরকারি জমিটি জোরপূর্বক দখল করতে যুবদল নেতা মজিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা হরি আনন্দ ঘর নির্মাণ করতে যায়। এসময় রাশেদুল ইসলামসহ স্থানীয় বাধা দিলে মজিবুর রহমান ও হরি আনন্দসহ তাদের লোকজন তাকে হুমকি-ধমকি প্রদান করে। এমনকি মুঠোফোনে ঘর নির্মাণে আবার বাধা দিলে সে রাশেদুল ইসলামকে হত্যার পর গুম করে শীতলক্ষ্যায় ভাসিয়ে দিবে বলে হুমকি দেন। এ ঘটনার পর থেকে রাশেদুল ইসলাম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আমিন বলেন, আমি নকশা অনুযায়ী মেপে দেখেছি এটি সরকারি জমি। এ ব্যাপারে রাশেদুল ইসলাম বলেন, আমি মাদ্রাসা নির্মাণের জন্য সরকারি জমিটুকু বরাদ্দ আনি। যেখানে হতদরিদ্র ও এতিম ছেলে মেয়েরা লেখাপড়া করবে। কিন্তু সেই জমিতে ঘর নির্মাণ করে দখলের পায়তারা চালাচ্ছে মজিবুর রহমান নামে এক বিএনপি নেতা ও হরি আনন্দ নামে এক আওয়ামীলীগ নেতা। আমি বাধা দিতে গেলে যুবদল নেতা মজিবুর রহমান আমাকে হত্যার হুমকি দেয়।
অভিযোগের বিষয়ে যুবদল নেতা মজিবুর রহমান বলেন, যে জমিতে ঘর নির্মাণ করা হচ্ছে সেটি সরকারি জমি নয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি, সরেজমিনে গিয়ে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি সত্যতা পাওয়া যায় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।