শেরপুরের নকলায় কিশোর সজীবের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন নাগরিকরা। শুক্রবার(১৩ মার্চ) এ উপলক্ষে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচীতে এ প্রতিবাদ জানানো হয়। উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর বাজারে শুক্রবার ৩টা থেকে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নেতৃত্ব দেন সাইলামপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ইস্রাফিল খলিল। এলাকাবাসী ও সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে ১৪ বছরের কিশোর সজীবের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা প্রতিবাদে সন্ত্রাস ও কিশোর সহিংসতার বিরুদ্ধে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
জানা যায় মোবাইল ফোনকে কেন্দ্র করে কিশোর গ্যাং লিডার রাহাতসহ ৫/৬ মিলে গত মঙ্গলবার রাত ৯-৩০ মিনিটের দিকে বিবিরচর গ্রামের মো. ফারহান উদ্দিনের পুত্র ১৪ বছরের কিশোর সজীবকে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর পাইস্কা বাইপাস ব্রীজের নিচে নিয়ে ধারালো চাকু দিয়ে পেট কেটে কলিজা বের করে ফেলে রেখে পালিয়ে যায় গ্যাং সদস্যরা। চিৎকার শুনে স্থানীয়রা ব্রীজের নিচ থেকে সজীবকে উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডা. সজীবের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ম'মে'ক হাসপাতালে রেফার করে। এ বিষয়ে সজীবের পিতা মো. ফারহান উদ্দিন বাদী হয়ে গত বুধবার রাত ১১-৪৫ মিনিটের দিকে নকলা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ এখনো কিশোর গ্যাং রাহাতসহ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানায় ফারহান উদ্দিন। এ বিষয়ে নিয়ে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, সজীবের বাবার অভিযোগের ভিত্তিতে শেরপুর গোয়েন্দা সংস্থার সদস্যরাসহ পুলিশ সদস্যরাও তৎপর রয়েছে। আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।